গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এদিকে হেরে রান রেটে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট থেকেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড।

রোববার অ্যাডিলেডে সরফরাজ আহমেদের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৬.১ ওভারে সাত উইকেটে জিতেছে মিজবাহ উল হকের দল।

এবারের বিশ্বকাপটি খুবই বাজেভাবে শুরু করেছিল পাকিস্তান। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছে তারা। অবশেষে সব সমালোচনা জবাব দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে দলটি।

এদিকে এবারের বিশ্বকাপে শুরু থেকে জাদু দেখায় আয়ারল্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল তারা। বিশ্বকাপও শুরু করেছে টেস্ট খেলুড়ে দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। আরেক টেস্ট দল জিম্বাবুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হল না।

এদিন আয়ারল্যান্ডের ২৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তানের উদ্বোধনী জুটির ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ। উভয়ই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তাদের জুটি থেকে আসে ১২০ রান।

তার বলে জয়সির হাতে ক্যাচ আউট হন ওপেনার শেহজাদ। মাঠ ছাড়ার আগে ৭১ বলে সাতটি চারের সুবাদে ৬৩ রান করেন।

২৩তম ওভারে আহমেদ শেহজাদ আউট হলে প্রথম উইকেট হারায় পাকরা। স্টুয়ার্ট টম্পসনের বলে এড জয়েসের তালুবন্দি হন ৬৩ রান করা শেহজাদ। ২৫তম ওভারে রান আউট হয়ে যান হারিস সোহেল।

সরফরাজের সঙ্গে দলের হাল ধরেন মিজবাহ উল হক। তাদের ৮২ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ১‌৯৯২ বিশ্বকাপ জয়ীরা।

কুসাকের বল ঠেকাতে গিয়ে হিট আউট হন মিজবাহ। মাঠ ছাড়ার আগে ৪৬ বলে ৩৯ রান করেন তিনি। ১০১ রান নিয়ে সরফরাজ ও ২০ রান নিয়ে উমর আকমল খেলা শেষ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে আয়ারল্যান্ড।

অধিনায়ক পোর্টারফিল্ডকে ঘিরে গড়ে উঠে আয়ারল্যান্ডের ইনিংস। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট-ছোট জুটি গড়ে সহযোগী দেশটিকে এগিয়ে নিতে থাকেন তিনি।

আয়ারল্যান্ডকে এক সময়ে ৪ উইকেটে ১৮২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন পোর্টারফিল্ড। শতরান করে অধিনায়কের বিদায় দিয়ে সহযোগী দেশটির ছন্দপতনের শুরু হয়।

ওয়ানডেতে সপ্তম শতক পাওয়া পোর্টারফিল্ড ফিরেন ১০৭ রান করে। তার ১৩১ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

পোর্টারফিল্ডের বিদায়ের পর ৫৫ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ ১০ ওভারে মাত্র ৪৯ রান সংগ্রহ করে তারা।

পাকিস্তানের সেরা বোলার ওয়াহাব রিয়াজ তিনটি উইকেট পান।

জেডআই