ইতালিয়ান সিরি এ’ লিগে সেরা ফুটবলারের জিতেছেন জুভেন্টাসের অধিনায়ক জিয়ানলুইজি বুফন। মঙ্গলবার মিলানে গ্র্যান্ড গালা ডেল ক্ল্যাসিকো অ্যাওয়ার্ড নাইটে ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ইতালিয়ান ফুটবল অ্যাওয়ার্ডের সেরা কোচের ক্যাটাগরিতে পুরস্কার জয় করেছেন নাপোলির মরিজিও সারি।

জমকালো এই অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে বুফন বলেন, ‘বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে না পারা আমার ক্যারিয়ারের অন্যতম বড় একটি হতাশা।

সাথে যোগ হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে না জেতার হতাশা। তারপরও আমি সত্যিই খুশি ও গর্বিত। কখনই ভাবিনি এই ধরনের একটি ট্রফি হাতে নিতে পারবো।

আজকের রাতটা আমার জন্য স্মরণীয়, কারণ তরুণ বয়সে আমি কখনই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারিনি।’

জুভেন্টাসের হয়ে বুফন গত বছর দশম সিরি-আ শিরোপা জিতেছেন। এছাড়াও ইতালিয়ান কাপের শিরোপার পাশাপাশি গত তিন বছরে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে তুরিনের জায়ান্টরা।

টানা ষষ্ঠবারের মত জুভেন্টাসের কোন খেলোয়াড় সম্মানজনক এই পুরস্কার অর্জন করলেন। এর আগে জুভেন্টাসের হয়ে এই পুরস্কার জয় করেছেন আন্দ্রে পিরলো (২০১২-১৪), কার্লোস তেভেজ (২০১৫) ও লিওনার্দো বনুচ্চি (২০১৬)।