রূপকথার জন্ম দিয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছিল লেস্টার সিটি। তবে চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না গতবারের চ্যাম্পিয়নদের। এবার ঘরের মাঠে চেলসির কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা।

লিগে টানা ১৩ ম্যাচ জেতার পর গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল চেলসি। তাই লেস্টারের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে খেলতে থাকে হ্যাজার্ড-পেদ্রোরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬ মিনিটে হ্যাজার্ডের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন আলোনসো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে আলোনসোর জোরালো শট প্রতিপক্ষ খেলোয়াড় মরগানের গায়ে লেগে বল জালে জড়ায়। আর ম্যাচের ৭১ মিনিটে হেড থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করে পেদ্রো। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির পয়েন্ট হলো ২১ ম্যাচে ৫২।

এমএনজে