শুক্রবার (১২ মে) আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে একাই গুজরাটকে টেনেছেন রশিদ। বল হাতে চার উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৭৯ রান। ব্যাটিং ও বোলিংয়ে এমন ইমপ্যাক্ট পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটেই বিরল। তবে রশিদ খান নিজেকে যে অবস্থানে নিয়ে গেছেন সেখান থেকে অনেক অসম্ভবও যে সম্ভব।

রোহিত শর্মা, ইশান কিষাণ, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড- মুম্বাইয়ের চার বিধ্বংসী ব্যাটারকেই একা সাজঘরে পাঠিয়েছেন রশিদ। নিজের প্রথম ওভারে রোহিত শর্মা, ইশান কিষাণকে ফেরানোর পর তৃতীয় উইকেট হিসেবে বোল্ড করেন ওয়াধেরাকে। আর এই উইকেটের সাথে সাথে মাত্র ২৪ বছর বয়সে ৫৫০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেন আফগান লেগ স্পিনার।

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে রশিদের টি-টোয়েন্টি উইকেট সংখ্যা এখন ৫৫১। ম্যাচ খেলেছেন ৪০৩টি। তালিকায় তার ওপরে আছেন শুধু একজন। ৫৫৮ ম্যাচে ৬১৫ উইকেট নিয়ে সবার ওপরে আছেন ডোয়াইন ব্রাভো।

শুক্রবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে মুম্বাই। যেখানে সেঞ্চুরি পেয়েছেন সূর্যকুমার যাদব। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে থামে গুজরাট। তাতে ২৭ রানের জয় পায় মুম্বাই।

এবি