বৃষ্টির কারণে জিম্বাবুয়ে ও পাকিস্তানের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

রোববার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ৮ ওভারে ৬২ রান সংগ্রহ করতেই ফ্লাইডলাইটে ত্রুটি দেখা দেয়। পরে খেলা শুরু হলেও মাত্র এক ওভার ব্যাট করতেই শুরু হয় ঝড়। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যায় তাদের শেষ ওয়ানডে ম্যাচটি। দুই ওপেনার চামু চিবাবা ৩৯ ও ভুষি সিবান্দা ২৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে পাকিস্তানকে লড়াই করার মতো স্কোর দাড় করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ হাফিজ। ৮০ বলে ৮টি চার ও একটি ছক্কার সুবাদে ৮০ রান করেন তিনি।

এ ছাড়া অভিষিক্ত বাবর আজম ৫৪, আহজার আলী ৪৬ ও আনোয়ার আলী ২৩ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজা নেন সর্বোচ্চ ৩ উইকেট।

জেডআই