২০১৩ সালে টানা চারবার ফিফা ব্যালন ডি'অর জয়ী মেসিকে টপকে পুরস্কারটি জিতে নিলেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়ছেন তিনি। এত দিন এই রেকর্ডটির মালিক ছিলেন বার্সেলোনা স্টার মেসি। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
বুধবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে স্বাগত জানায় রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে সেমিফাইনালে তাদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রিয়াল। এবার তাদের মুখোমুখি হয়েছে কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগের লড়াইটা নিজেদের মাঠে হওয়া প্রতিশোধটা বেশ ভালো ভাবেই নিয়েছেন রোনালদোরা।  জিতেছেন ৩-০ গোলের ব্যবধানে। সেই সঙ্গে মৌসুমে নিজের ১৪তম গোল করে মেসিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
২০১১-১২ মৌসুমে ১১ ম্যাচে ১৪টি গোল করেছিলেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৮ ম্যাচেই ১৪ গোল করেছেন রোনালদো। সেমিতে এক পা রাখায় আরো গোল করার সুযোগ থাকছে তার সামনে। ফলে মেসিকে টপকে রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারেন তিনি।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ছাড়াও আরো একটি রেকর্ড গড়েছেন রোনালদো। লিগে গড়ে প্রতি ৫০.৭১ মিনিটে গোল করেছেন তিনি। ইউরোপে সেরা হওয়ার লড়াইয়ে কোনো খেলোয়াড়ই এই গড়ের রেকর্ড গড়তে পারেননি। ২০১১-১২ মৌসুমে মেসির গড় ছিল ৭০.৭১ মিনিট। মেসির চেয়ে ভালো গড় ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা রুদ ভন নিস্টেলরুইর। ২০০৩ সালে ১২ গোল করা এই ডাচম্যান প্রতি ৫৭ মিনিটে একটি করে গোল করেছিলেন।
রেকর্ড গড়া ম্যাচটি ব্যালন ডি'অর জয়ী তারকার জন্য একটি দু:খও নিয়ে এসেছে। এই ম্যাচটিতে চোট পেয়েছেন রোনালদো। তবে কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, তার চোট বেশি মারাত্মক নয়। তবুও আগামী সপ্তাহে সিগনাল ইদুনা পার্কে তার খেলা নিয়ে সন্দেহ থেকেই যায়।