আইপিএল-এর নবম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের দল কেকেআর।
মুম্বাইর ওয়েংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান সংগ্রহ করেছে কলকাতা।
চলতি আসরে ৫ ম্যাচ খেলে ৪টিতে জিতে আট পয়েন্ট অর্জন করেছে কলকাতা। শীর্ষ স্থানে থাকা গুজরাট লায়ন্স ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। মুম্বাইর বিপক্ষে জিতলে কেকেআরও পয়েন্ট হবে ১০। কিন্তু নেট রান রেট কেকেআরের বেশি হওয়ায় শীর্ষ উঠে যাবে সাবেক চ্যাম্পিয়নরা।
এবারের আসরে মুম্বাইর বিপক্ষে ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে কলকাতা। ঘরের মাঠ ইডেন গার্ডেনে হেরেছিল তারা। গৌতম গম্ভীররা ১৮৭ রান করলেও রোহিত শর্মারা ১৮৮ রান করে ম্যাচটি জিতে নেয়।
এবার মুম্বাইর ওয়েংখেড়ে স্টেডিয়ামে অতিথি হিসেবে খেলতে নামবে নাইট রাইডার্স। ফলে গ্যালারির দর্শকদের সমর্থন বেশি একটা পাচ্ছে না কলকাতা। তার মধ্যে টুর্নামেন্টে একমাত্র হার এই দলটির বিপক্ষে। তাই একটু সাবধানেই প্রতিশোধ নিতে হবে কেকেআরকে।
অবশ্য মুম্বাইর সময়টা বেশি ভালো যাচ্ছে না। ৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। ঘরের মাঠের সুবিধাও বেশি দিন পাচ্ছে না ক্লাবটি। কারণ খরা সমস্যার কারণে তাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে আইপিএল। ৩০ এপ্রিলের পর থেকে অন্য ভেন্যু নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে তারা। তাই এই ম্যাচের সুযোগটি ভালো ভাবে কাজে লাগাতে চাইবে তারা।
বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান এই ম্যাচে একাদশে আছেন। গত ম্যাচে বল হাতে স্বরূপে ফিরেছিলেন। কলকাতার প্রথম উইকেটটি এনে দিয়েছিলেন তিনি। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সুরেকুমার যাদব, ক্রিস লাইন, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, রাজগোপাল সতীশ, সুনীল নারাইন, উমেশ যাদব ও জয়দেব উনাতকত।
এবি





