চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এক সাঙ্গাকারার কাছেই পরাস্ত হয়েছিল বাংলাদেশ। তার ৩১৯ রানের সুবাদে বড় স্কোর সংগ্রহ করে শ্রীলংকা। এবার দ্বিতীয় ইনিংসেও সেই সাঙ্গাকারার কাছেই ব্যর্থ হচ্ছে লাল-সবুজদের বোলাররা। আর ফিল্ডারদেরকে দৌড়ের উপর রেখে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন হারিয়ে মাত্র ১৯৫ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ৯০ রান নিয়ে রানের চাকা সচল রাখছেন সাঙ্গাকারা। ৪৯ রান নিয়ে তার সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছেন চান্দিমল।
উদ্বোধনী জুটির করুনারত্নে দলীয় ৩৬ রানে সাজঘরে ফিরে যান। মাহমুদুল্লাহর বলে নাসিরের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১৫ রান করেন তিনি। আরেক ওপেনার কুসল সিলভাও মাহমুদুল্লাহর শিকারে পরিণত হন। ২৯ রান করা সিলভা এলবিডব্লিউর ফাঁদে পড়ায় ৪৯ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা।
পরে সাঙ্গাকারার সঙ্গে জোট বাধার চেষ্টা করেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ থেকে বিদায় নেন ১১ রান করা মাহেলা। কিন্তু সাঙ্গাকারার সঙ্গে ফের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বোলাররা। সেই সঙ্গে ব্যাট হাতে উজ্জ্বল চান্দিমল।
প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান করেছিল সফরকারীরা। জবাবে ৪২৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।
ঢাকা,৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই