মহামারী করোনার থাবা পড়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। দলটির ২ জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড (সিএসএ)।

তবে আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি তারা।

উল্লেখ্য, করোনা বিরতি ভাঙতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। তাই খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে আনতে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে সিএসএ। সে লক্ষ্যে জাতীয় দলের খেলোয়াড়রাসহ ৩২ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করেছে সিএসএ। ক্যাম্প শুরুর আগে স্বাস্থ্য বিধি মেনে ৩২ ক্রিকেটারসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করা হয়। ফলাফলে দুই জনের পজিটিভ শনাক্ত হয়।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ‘সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা অনুযায়ী খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। তাতে দু’জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। সেই দু’জনের কোনো রিপ্লেসমেন্ট ঘোষণা করা হবে না।’

তথ্যসূত্র: ফার্স্টপোস্ট, দ্য নিউজ ট্রিবিউন

এমআর