আজ ১ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের শুভ জন্মদিন। ২৬ বছরে পা দিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৯৮৮ সালের এদিন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

জাতীয় দলের সঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন মুশফিক। সেখানে সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে একদিন আগে সেঞ্চুরি করেছেন তিনি। সেই সেঞ্চুরির পর বেশ খোসমেজাজেই ক্যারিবীয় দ্বীপে জন্মদিন পালন করছেন তিনি।

২০০৫ সালে ইংল্যান্ড সফরে মুশফিক প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পান। ইংল্যান্ডের মাটিতে এটাই ছিলো বাংলাদেশের প্রথম সফর। ১৬ বছর ২৬৭ দিনে লর্ডস গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামেন তিনি। এতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার নাম যুক্ত হয়।

২০০৯ এর জিম্বাবুয়ে ট্যুরে মুশফিক বাংলাদেশের সহ-অধিনায়ক নির্বাচিত হন। তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আঘাতপ্রাপ্ত হওয়ায় সাকিব তার স্থলাভিষিক্ত হন এবং সহ-অধিনায়ক সাকিবের দায়িত্ব পান মুশফিক।

২০১১ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন শুরু করেন। তার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের সেরা সাফল্য রানার্সআপ হয়।

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। ২০১৩ শ্রীলঙ্কা সফরে তিনি এই রেকর্ডটি করেন। ৮ম উইকেটরক্ষক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। একইসাথে টেস্টে ছয় নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করা ৯ম ব্যাটসম্যান তিনি।

যদিও ২০১৪ সালে মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ দল ভালো ফল করতে পারেনি। হারের গণ্ডি থেকে এখনও বের হতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তার দল। তবে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছে তারা। ফলে আশায় বুক বাঁধছে তারা।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৮টি টেস্ট ম্যাচ খেলে ২১৭৩ রান করেছেন মুশফিক। একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরির সঙ্গে সঙ্গে রয়েছে ১৩টি হাফ-সেঞ্চুরি। ওয়ানডেতে ১১৯ ম্যাচে তার রান ২৯৪০। ১৬টি হাফসেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি।

এদিকে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে আগামী ২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন অধিনায়ক মুশফিক। কনে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত (মন্ডি)।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই