রাত জেগে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইয়ের খেলা উপভোগ করেছেন জম্পেশ। সকালে বেলা ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে রোনালদোর শত তম গোল নিয়ে গল্পও করে ফেলেছেন বিস্তর।

কিন্তু পেনাল্টি থেকে মাইলফলক স্পর্শ করা গোলটার মধ্যে যে একটা ‘ম্যাজিক বিষয়’ ছিল, তা কি খেয়াল করেছেন? মনে হয় না! আর তাই যদি হয়, এখনই ইউটিউবে ঢুকে দেখুন; স্পট কিকে রোনালদো বলে পা ছোঁয়ানোর আগে কি ঘটেছিল?

একেবারেই অকল্পনীয় বিষয়। শট নেওয়ার সময় ‘নন কিকিং ফুট’ বলের পাশে জোড়ে রাখতেই বলটি হালকা শূন্যে ভেসে উঠে। সে অবস্থাতেই বুলেট গতিতে শট করে গোলরক্ষক আরিওলার ডান পাশ দিয়ে জালে জড়ান রোনালদো।

দৃশ্যটা কিছুটা ভলিতে করা গোলের মতো। ভিডিও দেখার পরে আপনার ঘোর নাও কাটতে পারে। নিজেকেই নিজে প্রশ্ন করবেন, এও কি সম্ভব?

নেইমারের প্যারিসের বিপক্ষে ৩-১ গোলের জয়ী ম্যাচে রোনালদোর এই গোলটাই সমতায় ফিরিয়েছিল মাদ্রিদকে। পরে রোনালদো করেছেন আরও একটি গোল। কিন্তু জয়-পরাজয় বা শততম গোল ছাপিয়ে আলোচনায়, কীভাবে এই পেনাল্টি সম্ভব।

অনেকেই তো টুইট করে লিখেছেন, ‘রোনালদো জাদু-টোনা করেছেন’। তবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দ যা বলেছেন, তাই যদি হয়; বিষয়টা রোনালদো ফুটবল জ্ঞানকে নিয়ে যাবে আরও অনেক উঁচুতে।

সাবেক এই ইংলিশ ডিফেন্ডার বলেছেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা অবস্থাতেই এই অনুশীলন করতেন।’ কতটা পরিশ্রমী ও মেধাবী হলে অনুশীলন করে এই বিদ্যা রপ্ত করা যায়, তা শুধু রোনালদোই বলতে পারবেন!

অনেকে অবশ্য এ নিয়ে প্রশ্নও তুলেছেন। কারণ, আইনত কিক নেওয়ার সময় বল স্থির না থাকলে পেনাল্টি শট আবার নিতে হয়।

এমআর