জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে অনুশীলন করছে বাংলাদেশ 'এ' দল। তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ সারোয়ার ইমরানের তত্ত্বাবধানে অনুশীলন করেছে ক্রিকেটাররা।
আগামী ১০ তারিখ জিম্বাবুয়ে এ দল বাংলাদেশে পৌঁছাবে। তাদের সঙ্গে ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
এদিকে আগামী মাসের ১৫ তারিখে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিবের। অনেক দিন ধরেই ক্রিকেট থেকে বিছিন্ন আছেন এই অল রাউন্ডার। তাই খেলায় ফিরতে 'এ' দলের সঙ্গে অনুশীলন করতে তাকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সোহাগ গাজীর পরিবর্তে আমরা সাকিব আল হাসানকে এশিয়ান গেমসের জন্য মনোনীত করেছি। যেহেতু সাকিবের শাস্তি উঠে যাচ্ছে; সেহেতু আমার চিন্তা করেছি সবার সঙ্গেই সাকিবের অনুশীলন চালিয়ে যাওয়া উচিত।’
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





