প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার পর ভারত-পাকিস্তান দল যেভাবে খেলে আসছে তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবারো তাদের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
উভয় দলেরই যেমন ভারতের বোলিং এবং পাকিস্তানের ব্যাটিং বিভাগের দুর্বলত ছিল কিন্তু তার সেটা কাটিয়ে উঠেছে এবং এটা উভয় দলকে শিরোপার অন্যতম দাবিদারে পরিণত করেছে।
পাকিস্তানের মেইল টুডে পত্রিকাকে আখতার বলেন, ‘ভারত ইতোমধ্যেই তাদের তিন ম্যাচের সবক’টিতে জয়ী হয়েছে। লোকে বলে ভারতের বোলিং বিভাগ দুর্বল। কিন্তু মোহাম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার উভয়ই বেশ ভাল অবস্থায় ফিরে এসেছে। তাদের স্পিন আক্রমণও বেশ ভাল (অমিত মিশ্র, আর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা)।’
‘কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানেরও একই অবস্থা। তারা ইতোমধ্যে এক ম্যাচে জয়ী হয়েছে এবং সেমিফাইনালে ওঠার তাদের যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যেভাবে উন্নতি করছে তাতে আমার মনে হয় সেমিফাইনাল উঠতে গেলে এ দু’টি দলেরই একটি শিরোপা জয় করবে।’
দল দু’টির মধ্যে তুলনা করলে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতের বোলিং অনেক দুর্বল ছিল। ঠিক একইভাবে পাকিস্তানের দুর্বল ছিল ব্যাটিং।
১৯৯৭-২০১১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট শিকার করা শোয়েব বিশেষ করে ভারতীয় ফাস্ট বোলার সামির উন্নতিতে বেশ মুগ্ধ। তবে সামির রান আপে কিছু সমস্যা আছে এবং এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বলেও জানান আখতার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টেলিভিশন ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে ঢাকায় আসা আখতার বলেন, ‘সামি একজন ভাল বোলার। তবে তার রান আপে কিছুটা উন্নতি করতে পারলে তার পেস আরো বাড়বে। আমি তার রান আপে ছোট কিছু সমস্যা দেখেছি এবং তার সঙ্গে কথা বলার সময় সে নিজেও সেটা স্বীকার করেছে। সমস্যা কাটিয়ে উঠতে আমি তাকে কিছু টিপস দিয়েছি।’