হরতালের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আজকের তিনটি ম্যাচই স্থগিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। আজকের পরিবর্তে সোমবার অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল।

আজ মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রিমিয়ার লিগে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সোমবার মিরপুরে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রুপগঞ্জ।

প্রথম ‍চার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে শিরোপা প্রত্যাশী দল আবাহনী। চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তামিম ইকবালের দল।

মোহামেডান এবং প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান (৬)। তবে রান রেটে এগিয়ে থাকায় মোহামেডানের অবস্থান দ্বিতীয়। আর প্রাইম ব্যাংকের চতুর্থ।

অন্যদিকে লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের অবস্থান ষষ্ঠ। চার ম্যাচে দুটি জয় ও এক ম্যাচে টাই করায় তাদের পয়েন্ট পাঁচ। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রুপগঞ্জের এক ধাপ উপরে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

সোমবার ফতুল্লায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল প্রাইম দোলেশ্বর ক্লাবের মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বিকেসপিতে সাব্বির রহমানের প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি।

এমআর