চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শেষ বল পর্যন্তই লড়াই করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে জয়েরও স্বপ্নটি ছিল দৃঢ়। কিন্তু শেষ বলে থিসারা পেরেরা ফুল টস বল সাগরিকার আকাশে ভাসিয়ে দেন স্বাগতিকদের আশার আলো দেখানো ব্যাটসম্যান এনামুল হক। সেই বল তালুবন্দী করেছেন বোলার পেরেরাই। ফলে মাত্র তিন রানের জন্য জয়বঞ্চিত হয় বাংলাদেশ। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রতিশোধ নিতে মাঠে নামবে মাশরাফিরা। শুক্রবার চট্টগ্রামের মাঠেই স্থানীয় সময় বিকাল পাঁচটায় শুরু হবে খেলাটি।
শাস্বরুদ্ধকর এই জয় পাওয়ার পরও নিজেদেরকে দোষারোপ করেছিল শ্রীলংকা। প্রথম টি-টোয়েন্টিতে বেশ দ্রুতই তাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উইকেট শিকার করেছিল বাংলাদেশের বোলাররা। ফলে বোলিং নিয়েও এই ম্যাচে বেশ আশাবাদী হতে পারে তারা। তবে ভয়ও কম না। কারণ গত ম্যাচে লংকান ব্যাটসম্যানরা স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়েছিল। ফলে এই ম্যাচেও তাদের বড় স্কোর সংগ্রহ করতে পারার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।
এদিকে ব্যাটসম্যানদের নিয়েও বাংলাদেশের রয়েছে অনেক ভাবনা। দলে নেই নিয়মিত অধিনায়ক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এদিকে ফর্ম ভালো নেই তামিম ইকবালের। ওপেনিং জুটির চিন্তাসহ মিডল অর্ডারও নড়বড়ে। যার অনেকটা প্রতিফলন হয়েছে প্রথম ম্যাচে। তবুও শামসুর রহমান ও এনামুলের পর সাকিব, নাসির আর সোহাগের উপর ভরসা কম নয় বাংলাদেশের। তবে সম্ভাবনা যাই থাকুক না কেন, শেষ লড়াইয়ে কি হয় সেটা দেখার প্রতীক্ষায় থাকতে হবে আরো একদিন।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল (সম্ভাব্য): তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মিথুন আলী, ফরহাদ রেজা, সোহাগ গাজী,  আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
শ্রীলংকা টি-টোয়েন্টি দল (সম্ভাব্য): তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, সীক্কুগে প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।