সার্বিয়ান শীর্ষ তারকা নোভাক জকোভিচকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মত দুবাই ওপেনের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। এর মাধ্যমে ক্যারিয়ারে ৮৪তম শিরোপা জিতলেন সুইস তারকা। এর আগে ক্যারিয়ারে সাতবার করে উইম্বলডন এবং হল টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ফেড এক্স।

রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম শিরোপার অধিকারী ফেদেরার গতকাল দুবাইতে ৬-৪, ৭-৫ গেমে বিশ্বের একন নম্বর তারকা জকোভিচকে পরাজিত করে শিরোপা জয় করেন। জকোভিচের বিপরীতে তার এখন তার জয়ের পরিমান দাঁড়ালো ২০-১৭। ম্যাচে ফেদেরার দূর্দান্ত সার্ভিস করে ১২টি এস মেরেছেন। এর মাধ্যমে সব মিলিয়ে ক্যারিয়ারে তার এসের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজারে। এছাড়া নেটের সামনে এসে বারবার ঝুঁকি নেয়া এবং শক্তিশালী গ্রাউন্ড স্ট্রোকের মাধ্যমেই তিনি মূলত জকোভিচকে পরাস্ত করেছেন।

অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে অখ্যাত ইতালিয়ান বাছাই খেলোয়াড় আন্দ্রেস সিপ্পির কাছে পরাজিত হবার পরে যারা বলেছিলেন ফেদেরারের সুদিন হয়ত শেষ হবার পথে তাদের জন্য এই শিরোপাটা বেশ মোক্ষম একটি জবাব হয়েছে বলেই মনে করেন ফেড এক্স ভক্তরা।

ম্যাচ শেষে সেসব সমালোচকদের উদ্দেশ্য করে অনেকটা হতাশ ৩৩ বছর বয়সী ফেদেরার বলেছেন, ‘কেউ কেউ মাঝে মাঝে প্রশ্ন করে আমার বয়স কত, কিন্তু কেউ কি জানে আরো কত বছর আমি বাঁচবো। আমি এখনো নিজের সেরা খেলাটা দিয়ে যাচ্ছি। আজকেও আমি দারুন সব পয়েন্ট অর্জন করেছি। পুরো ম্যাচ নিয়ে আমি দারুন সন্তুষ্ট। এভাবে ম্যাচের শেষে সাক্ষাতকার দিতে হবে সেটা কখনই চিন্তা করিনি। এখানে আমি আগেও অনেকবার খেলতে এসেছি। কিন্তু সাতবারের মত শিরোপা হাতে নেয়া সত্যিই বিশেষ কিছু। প্রতি বছরই আমি এখানে আসার জন্য মুখিয়ে থাকি।’

জেডআই