পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দিবারাত্রি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে। সেখানে একটি ম্যাচ হবে দিবারাত্রির।

তিনটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যদিও প্রাথমিক সূচীতে দুই দলের দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। দুই দলের সফরের সূচী চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দল এমসিজিতে একটি দিবারাত্রি টেস্ট খেলবে পাকিস্তান।

মূলত ওই ম্যাচের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট কৃত্রিম আলোয় খেলার প্রস্তাব করেছিল। পিসিবির অনুরোধ রেখে ওয়েস্ট ইন্ডিজ গোলাপি বলে টেস্ট খেলতে রাজী হয়েছে।

এদিকে শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই না, ঘরোয়া লিগেও কৃত্রিম আলোয় টেস্ট আয়োজন করছে পাকিস্তান। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট লিগে ১০টি ম্যাচ হবে দিবা-রাত্রির।

কৃত্রিম আলোয় টেস্ট ক্রিকেট গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে ডে নাইট টেস্ট খেলেছিল। তারই ধারাবাহিকতায় এখন টেস্ট খেলুড়ে দেশগুলো ডে নাইট টেস্ট আয়োজনে বেশি আগ্রহ দেখাচ্ছে।

এফএফ