এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ইনজুরি নিয়ে শঙ্কায় রয়েছে ভারত। যদি বুধবার মিরপুরে ধোনি ফিটনেস টেস্টে ব্যর্থ হন তাহলে তার বদলে গ্লাভস হাতে থাকবেন পার্থিব পাটেল।

সোমবার অনুশীলনের সময়ে পেশিতে চোট পান ধোনি। মার্চে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগে প্রস্তুতি হিসেবে এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে। বুধবার মিরপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ভারত।

গত বছর ওয়ানডে সিরিজে ২-১ পরাজয়ের প্রতিশোধ মিশন হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। মেলবোর্নে রোহিত শর্মার বিতর্কিত সেই নো বলে আউট না দেয়া সিদ্ধান্তের পরে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচও নতুন মাত্রা পেয়েছে। আর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে নাকাল হওয়ার পরে সেটারও একটা জবাব দেয়ার চেষ্টা থাকবে ভারতের।

ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তির জায়গাটিই হচ্ছে বোলিং। মুস্তাফিজুর রহমানতো আছেনই ভারতের বিপক্ষে খেলতে পারেন বিপিএলে চমক দেখানো আবু হায়দার রনি। আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের অভিজ্ঞ হাত থাকছে তাদের সঙ্গে। ব্যাটিং মেরুদণ্ড মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ওপেনিংয়ে তামিমের অনুপস্থিতিতে থাকবেন ইমরুল কায়েস। তার সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার।

ভারত এশিয়া কাপ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে। এই বছর খেলা ছয়টি টি টোয়েন্টির পাঁচটিতেই জিতেছে। ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কোয়াডে থাকা সব খেলোয়াড়দের খেলানোর কথা জানিয়েছেন ধোনি। অবশ্য বাংলাদেশের বিপক্ষে নিয়মিত একাদশই খেলানোরই কথা।

টাইমস অব ইন্ডিয়া।

এআই