বিশ্বকাপে বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ। খেলার ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ইনজুরি টাইমে গোল হজম করে জয় বঞ্চিত হয়ে মাঠ ছাড়ল স্বাগতিকরা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে গত ম্যাচে খেলার শুরুতে লিড নিলেও বিরতিতে গিয়েছিল ১-১ গোলের সমতায়। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল।
এবার আফগানিস্তানের বিপক্ষেও খেলার চার মিনিটের মাথায় এগিয়ে যায় মামুনুলরা। বিরতির পর দ্বিতীয়ার্ধেও লিড ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে তারা।
এদিন খেলার ৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।
ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তবে একের পর এক আক্রমণে আফগানিস্তানকে চাপে রেখেছিল মামুনুলরা।
তবে ম্যাচের ২৬ মিনিট থেকে গুছিয়ে খেলতে শুরু করে আফগান দলটি। একাধিক আক্রমণে যায় 'দ্য লায়ন্স অফ খোরাসান' খ্যাত দলটি। ডি-বক্সের মধ্যে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৩২ মিনিটে আফগান মিডফিল্ডার ফয়সাল সায়েস্থির একটি শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার একটি সুবর্ণ সুযোগ মিস করে বাংলাদেশ। ডি-বক্সের বাম পাশ দিয়ে বাড়ানো বলটি রিসিভ করতে গিয়ে পা ফসকে পড়ে যান হেমন্ত ভিনসেন্ট।
আর ৪৪ মিনিটে জুয়েল রানার ক্রসে মাথা ছোঁয়ালেই গোল পেতে পারতেন জাহিদ হাসান এমিলি। কিন্তু তিনি ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আফগানিস্তানের মিডফিল্ডার আনোয়ার ওমরের শক্তিশালী শট বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।
তবে ইনজুরি টাইমে আফগান মিডফিল্ডার ইসমত ছানোয়ারীর গোলে সমতায় ফেরে অতিথিরা (১-১)।
জেডআই





