ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শেষ করেছে পাকিস্তান। শেষ টেস্টে ইংল্যান্ডকে তারা হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ের ফলে ৪ ম্যাচের এ সিরিজ ২-২ সমতায় শেষ হল।

জয়ের জন্য শেষ টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের দেওয়া মাত্র ৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। ১৩.১ ওভারে এদিন কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় তারা। আজহার আলী ৩০ ও সামি আসলাম ১২ রান নিয়ে অপরাজিত থাকে। ফলে পূর্ণ একদিন এবং আরও এক দিনের ২৬ ওভার হাতে রেখেই বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৮ রানের বিপরীতে ইউনুস খানের ডাবল সেঞ্চুরিতে ৫৪২ রান করে পাকিস্তান। এর ফলে লিড দাঁড়ায় ২১৪ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ইয়াসির শাহ’র ঘূর্ণি বোলিংয়ে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংলিশ শিবির। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্যে টার্গেট দাড়ায় ৪০ রানের। ইংল্যান্ডের এ ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন জনি ব্যারেস্ট।

পাকিস্তানি বোলারদের পক্ষে ইয়াসির শাহ তুলে নেন ৫ উইকেট। এছাড়া ২টি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ।

 

এমএনজে