ইংল্যান্ডের ভিসা পাওয়ার ব্যাপারে এখনও নিশ্চিত নন। আদৌ পাবেন কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা। তবুও মোহাম্মদ আমিরকে নিয়েই ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের টেস্ট দল ঘোষণা করলো দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও এক টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী মাসে। লম্বা এ সিরিজের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট দল ১৮ জুন দেশ ছাড়বে। ১৪ জুলাই লর্ডসে প্রথম টেস্টে মুখোমুখি হবে তারা। এই মাঠেই ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটান মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাট।
এর জন্য ৫ বছর নিষিদ্ধ হন আমির। প্রতিভাবান এ পেসার সেই লর্ডসেই ফেরার পথে। গত বছর সেপ্টেম্বরে আমিরের ৫ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। এরপর তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন।
কিন্তু নির্বাসন কাটিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন। আর প্রথম টেস্টেই তার সেই লর্ডসে মাঠে নামার সম্ভাবনা। ইংল্যান্ড ভিসা দিলে এই সম্ভাবনা সত্যি হবে। ইংল্যান্ডে ফৌজদারি মামলায় ৬ মাস জেল খাটেন আমির। এতে তার ইংল্যান্ডের ভিসা দেয়ার ব্যাপারে দেশটির সরকার গড়িমসি করছে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও। অন্যদিকে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় নিষিদ্ধ থাকা ইয়াসির শাহও পাকিস্তান দলে ফিরেছেন। মার্চে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় তিন মাসের জন্য নিষিদ্ধ হন এ লেগস্পিনার।
এতে নিউজিল্যান্ড সফর, এশিয়া ও কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন তিনি। অন্যদিকে পুরোপুরি ফিট না থাকলেও দলে রাখা হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে। সিরিজের আগে তিনি সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করেছেন পিসিবি’র নির্বাচকম-লী। কিন্তু আগের দল থেকে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, জুনাইদ খান, ফাওয়াদ আলম ও বিলাল আসিফ।
পাকিস্তানের ১৭ সদস্যের টেস্ট দল: মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধি:), ইউনুস খান, আজহার আলী, আসাদ শফিক, ইফতেখার আহমেদ, সরফরাজ আহমেদ (উই:) মোহাম্মদ রিজওয়ান (উই:), জুলফিকার বাবর, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলী, ইমরান খান ও সোহাইল খান।
এমবি





