আবু ধাবি টেস্টের চতুর্থ দিনেই প্রায় জয় নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান। শুধু আনুষ্ঠানিকতা বাকি রাখার মতো ম্যাচটি গড়িয়েছিল শেষ দিনে। অবশেষে বৃহস্পতিবার লাঞ্চের আগেই জয় নিশ্চিত করেছে মিজবাহরা। নিউজিল্যান্ডকে হারিয়েছে ২৪৮ রানের ব্যবধানে। এতে তিন ম্যাচ সিরিজে শুভ সূচনা করেছে তারা।
শেষ দিনে ১৭৪ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। হাতে ছিল মাত্র দুটি উইকেট। জয়ের জন্য তাদের সামনে ছিল ৩০৬ রানের পাহাড়। কিন্তু এদিন ৫৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা। এতে ২৩১ রানেই শেষ হয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
মার্ক ক্রেইগ ও ইশ সোধি উভয়ই আগের দিনের ২৭ রান নিয়ে মাঠে নামেন। কিন্তু মাত্র রানের খাতায় মাত্র ১ রান যোগ করেই বিদায় নেন ক্রেইগ। শেষ উইকেটে ট্রেন্ট বোল্টকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে তোলেন সোধি। অবশেষে ৬৩ রান করে ইমরান খানের বলে বোল্ড হয়ে যান তিনি। বোল্ট ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৬৬/৩ (ডি.), আহমেদ শেহজাদ-১৭৬, মিজবাহ-১০২* ও ইউনিস খান-১০০*
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৬২/১০, টম লাথাম-১০৩ ও কোরি অ্যান্ডারসন-৪৮
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৭৫/২ (ডি.), মোহাম্মদ হাফিজ-১০১* ও ইউনিস খান-২৮
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩১/১০, ইশ সোধি-৬৩ ও ব্রেন্ডন ম্যাককালাম-৩৯
ফলাফল: পাকিস্তান ২৪৮ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান।
জেডআই





