ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন আজহার আলী। অধিনায়ক মিসবাহ-উল-হক ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে পেয়েছেন হাফ-সেঞ্চুরির স্বাদ। এছাড়া সীমিত পরিসরের অধিনায়ক সরফরাজ আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম হাফ-সেঞ্চুরির ইনিংস উপহার দিয়েছেন। সব মিলিয়ে ক্যারিবীয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ৩৭৬।

ডোমিনিকায় বুধবার প্রথম দিন ২ উইকেটে ১৬৯ রানে দিন শেষ করে পাকিস্তান। বৃহস্পতিবার আজহার আলী ৮৫ ও ইউনিস খান ১০ রানে ব্যাটিং শুরু করেন। দিনের প্রথম ঘন্টায় ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তবে শেষ টেস্ট খেলতে নামা ইউনিস বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিন নামের পাশে ৮ রান যোগ করে এলবিডাব্লিউ হন অধিনায়ক হোল্ডারের বলে।

চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হক ও আজহার আলী ৬৪ রানের জুটি গড়েন। সেঞ্চুরির পর ইনিংসটিকে বড় করছিলেন ওপেনার। কিন্তু রস্টন চেজের অসাধারণ এক ডেলিভারীতে বোল্ড হয়ে তাকে সাজঘরে ফিরতে হয় ১২৭ রানে। ৩৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১২৭ রান করেন আজহার। এরপর আসাদ শফিককেও দ্রুত সাজঘরে ফেরত পাঠান চেজ।

শফিক ফিরে যাওয়ার পর ১৪৪ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পান মিসবাহ। এরপর আরও ৯ রান যোগ করে চেজের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন। শেষ দিকে সরফরাজ আহমেদের ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ৩৭৬ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ ৪টি ও জেসন হোল্ডার ৩টি উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারে ১৪ রান জমা করেছে স্বাগতিক দল। ব্রেথওয়েট ৫ ও পাওয়েল ৯ রানে অপরাজিত আছেন। ৩৬২ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ