বিপিএলের পঞ্চম আসরে দুই দলের অবস্থাই খুব একটা সুবিধার নয়। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। আগে ব্যাটিংয়ে নামা চিটাগং মাশরাফি-গেইলের রংপুরকে ১৭৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চিটাগং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে চিটাগং।
চিটাগং ভাইকিংসের হয়ে স্টিয়ান ফন জিল সর্বোচ্চ ৬৮ রান করেন। ৪০ বলের ইনিংসে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এছাড়া সৌম্য সরকার ২৬ বলে ৩০, সিকান্দার রাজা ১৯ বলে ২২ এবং নাজিবুল্লাহ জাদরান করেন ১৬ বলে ২৫ রান।রংপুর রাইডার্সের হয়ে একটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, মাশরাফি মুর্তজা, নাহিদুল ইসলাম ও রুবেল হোসেন।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লুক রনকি (৫ বলে ১১ রান) রানআউট হয়ে ফিরে গেলে হোঁচট খায় চিটাগং ভাইকিংস। এরপর মাশরাফির করা চতুর্থ ওভারের পঞ্চম বলে লাসিথ মালিঙ্গার হাতে ক্যাচ দিয়ে এনামুল হক বিজয় সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে যায় বন্দরনগরীর দলটি।
দ্রুত দুই উইকেটের পতন ঘটলেও রানের চাকা সচল রাখার চেষ্টা করেন সৌম্য। তবে নাহিদুল ইসলামের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে এই বাঁহাতি ব্যাটসম্যান বোল্ড হয়ে ফিরে গেলে ধাক্কা খায় চিটাগং।
চতুর্থ উইকেটে সিকান্দার রাজা ও ফন জিল মিলে ৪৫ বলে ৭৭ রানের দারুণ জুটি গড়লে ম্যাচে ফিরে আসে বন্দর নগরীর দলটি। এরপর নাজিবুল্লাহর মিনি ঝড় দলটিকে বড় সংগ্রহ এনে দেয়।
সাত ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে আপাতত রংপুরের অবস্থান পাঁচে। অন্যদিকে সমান ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে সাত দলের টুর্নামেন্টে চিটাগংয়ের অবস্থান সবার তলানিতে।
এমএ





