ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে প্রথম আফগানিস্তানের খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন মোহাম্মদ নবী।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ব্যাঙ্গালুরুতে দশম আসরের নিলাম শুরু হয়।
নিলামে আফগানিস্তান থেকে চারজন খেলোয়াড় অংশ নেন। প্রথমেই অবিক্রিত থেকে যান অধিনায়ক আসগর স্তানিকজাই ও ওপেনার মোহাম্মদ শেহজাদ।
এরপর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দরে ওঠেন মোহাম্মদ নবী। বেস প্রাইস ৩০ লাখে এই অলরাউন্ডারকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ, যে দলে খেলেছেন বাংলাদেশের বিস্ময় পেসার মোস্তাফিজুর রহমান।
মোহাম্মদ নবী আগে মেলবোর্ন ক্রিকেট ক্লাব, পাকিস্তান কাস্টমস, কোয়েটা গ্লাডিয়েটরস ও বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছেন।
এরপর আফগানিস্তানের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দল পান তরুণ স্পিনার রশিদ খান আরমান। ৫০ লাখ টাকা বেস প্রাইস থাকলেও তাকে ৪ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদই।
মোস্তাফিজদের এই দলকে গত আসরে নেতৃত্ব দিয়েছেন ডেভিড ওয়ার্নার।





