এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ইকোনমিটাও ভালো, ওভারপ্রতি ৫.০৬। বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই মোস্তাফিজকে নিয়ে কথা বলতে হলো শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কাকে।

কলম্বোয় আজ সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা বলেছেন, ‘মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।’

ওয়ানডে সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ১২টি জয় বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুটি দুটি ওয়ানডে সিরিজই জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুটি সিরিজই ২–১ ব্যবধানে জিতেছে এর আগে কখনো শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে না পারা বাংলাদেশ।

এবারও যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনটাই মনে করেন আসালাঙ্কা, ‘প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তারাও সাম্প্রতিক অতীতেও ভালো খেলেছে। আমরা শেষ যে ওয়ানডে সিরিজটা খেলেছি বাংলাদেশে, সেটিও মনে হয় বাংলাদেশ জিতেছে। তাই এটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

২০১৮ সালে নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে একটা বাড়তি রোমাঞ্চের তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনাকে কেন্দ্র করে যা আরও বেশি উত্তেজনায় পৌঁছেছে। এবারও কি তেমন কিছু থাকবে?

এবার আসালাঙ্কার উত্তর, ‘আমরা ভালো বন্ধু বলেই মনে হয়। কিন্তু যখন ক্রিকেট মাঠে খেলার বিষয় আসে, তখন একটা বৈরিতা দেখা যায়। সবাই এটা দেখতেও চায়। ওই ধরনের ম্যাচ, উত্তাপ। কিন্তু দিন শেষে আমরা ভালো বন্ধু।’