বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

তার আগে ক্রিকেটাররা আছেন ছুটিতে। এই ছুটি উপভোগ করতে সৌম্য সরকার ও লিটন দাস ছুটছেন দুবাইয়ে, আলোর রোশনাই ছড়ানো যে শহর চলমান আইপিএলের তিন ভেন্যুর একটি।খবর বিডিক্রিকটাইম’র। 

বিশ্বজুড়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন অনেকটাই স্বাভাবিক। খেলার কারণে সৌম্য-লিটন শারদীয় দুর্গাপূজায় পরিবারের সাথে সময় কাটাতে পারেননি।

দুইজনই তাই পরিবার নিয়ে মরুদেশ সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে ক’দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। সেই উদ্দেশে দেশ ছাড়বেন রোববার (১ নভেম্বর)।

দুই ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুবাইয়ে পরিবারের সাথে একান্ত সময় কাটানোর পর দুইজনই দেশে ফিরবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজ নিজ দলের প্রস্তুতি শুরুর পূর্বে।

আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছেন সৌম্য ও লিটন।

মহামারীর কারণে পেশাদার ক্রিকেট আরও কঠিন হয়ে পড়েছে ক্রিকেটারদের কাছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট মানেই কার্যত পরিবারের সঙ্গ ছেড়ে ব্যাট-বল নিয়ে পড়ে থাকা।

তবে এখন বায়ো সেফটি বাবলের কারণে পরিবার ও বাইরের পরিবেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে হয়। এমন পরিবেশে ক্রিকেটাররা হাঁপিয়ে ওঠাই স্বাভাবিক।

বায়ো সেফটি বাবল বা বায়ো বাবলের কারণে ক্রিকেটাররা খেলার বাইরে সময়ও পাচ্ছেন কম। দফায় দফায় ক’রোনা পরীক্ষা আর স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি মেনে বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্য আবারো নেমে পড়তে হবে ব্যাট-বল নিয়ে।

নভেম্বরে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল ঘোষণার পর অংশগ্রহণকারী পাঁচটি দলই বায়ো বাবলে থেকে প্রস্তুতি শুরু করবে। 

এমবি