প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে এসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেই একমাত্র জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। আর নিজেদের দ্বিতীয় ম্যাচেই টাইগারদের মুখোমুখি হয়েছে দলটি। এতে ব্যাট হাতে শুরুতে চাপে পড়লেও শেষ পর্যন্ত স্বাগতিকদেরকে ২৫৫ রানের লক্ষ্য বেধে দিয়েছে তারা।
শনিবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আফগানিস্তানের ব্যাটসম্যান আসঘর স্তানিকজাই ও সামিউল্লাহ শেনওয়ারির কাছেই পরাস্ত হয়েছে বাংলাদেশ। দলীয় মাত্র ৯০ রানে পাঁচ উইকেট হারানো আফগানিস্তানের ত্রাণকর্তা হয়ে তারা দলকে নিয়ে গেছেন লড়াই করার মতো অবস্থানে। তাদের ১৬৪ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
আসঘর ১০১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৯০ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮১ রান সংগ্রহ করে ৫০তম ওভারের পঞ্চম বলে রান আউট হন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগতিক বোলারদের তোপে শুরুতে বিপদে পড়ে যায় আফগান ব্যাটসম্যানরা। দলীয় মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
রুবেল হোসাইনের বলে প্রথমেই এলবিডব্লউর ফাঁদে পড়েন ওপেনার মোহাম্মদ শাহজাদ। এরপর উদ্বোধনী জুটির করিম সাদিকের সঙ্গে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ওয়ানডাউনে নামা নাজিবুল্লাহ জাদরান। তাদের ব্যাট ভর করে পাওয়ার প্লে পার করে আফগানরা।
তবে ১১.৬ বলে আরাফাত সানির হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন সাদিক (১২)। দলের রানের খাতায় আর ৩ রান যোগ হতেই আরাফাতের বলেই সাজঘরে ফিরে যান ২১ রান করা জাদরান। পরে ২৪ রান করে নাঈম ইসলামের হাতে রান আউটের ফাঁদে পড়েন নওরোজ। পরে অধিনায়ক মোহাম্মদ নবী মাত্র ৭ রান করেই মুমিনুল হকের বলে নাসির হোসাইনের হাতে ক্যাচ আউট হন।