কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হওয়া ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা এবং গাজী টিভি।

বাংলাদেশ-ভারতের লড়াইয়ের কথা আসলেই চলে আসে ২০০৭ বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপের কথা। উভয় ম্যাচটিতে টাইগারদের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত।

তবে এবার কাগজে-কলমে এগিয়ে আছে ভারত। কারণ গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবক’টিতে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এদিকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ।

এ পর্যন্ত প্রতিবেশী দল দু’টি ২৮ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তন্মধ্যে বাংলাদেশ ৩ বার জয়ের বিপরীতে হার মেনেছে ২৪ ম্যাচে।

তবে এ ম্যাচে নামার আগে মাশরাফি বাহিনীকে অনুপ্রেরণা দিবে ২০০৭ বিশ্বকাপ। ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত বিশ্বকাপের ওই আসরে গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছিল ভারতকে। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিবেশ সহ সবকিছু বিবেচনায় আনলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোটা টাইগারদের জন্য বেশ কষ্টসাধ্য বিষয়ই হবে। তবে বাস্তব সত্য হচ্ছে এমন একটি সুযোগ টাইগারদের সামনে ভবিষ্যতে কখন আসবে তার কোন ঠিক নেই। তাই প্রথম সুযোগটিকেই কাজে লাগানোর প্রচেষ্টায় থাকবে সাকিব-মুশফিকরা।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘ম্যাচটিকে ঘিরে দলের প্রতিটি সদস্যই তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে। তবে পেশাদার দল হিসেবে আমাদের অবশ্যই নজর দিতে হবে মাঠের লড়াইয়ে দক্ষতা প্রদর্শনের ওপর। আমরাও যে সেরা দলগুলোর কাতারে চলে এসেছি সেটি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার এটিই মোক্ষম সুযোগ।’

চলতি আসরে ভারতীয় অগ্রাভিযানে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন ৫৬.১৬ ব্যাটিং গড়ে ৩৩৭ রান সংগ্রহকারী শিখর ধাওয়ান ও ৭৫.২৫ ব্যাটিং গড়ে ৩০১ রান সংগ্রহকারী বিরাট কোহলি। আর অসাধারণ বুদ্ধিমত্তা ও স্বচ্ছ পরিকল্পনা নিয়ে দলের সফল ফিনিসারের দায়িত্বটুকু এখনো পর্যন্ত সুচারুভাবে পালন করেছেন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

এদিকে বিশ্বকাপ শুরু হবার আগ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে আসা ভারতীয় বোলাররা সংগ্রামের মধ্যে থাকলেও টুর্নামেন্ট শুরু হবার পর থেকে ধারণ করেছে রুদ্র মূর্তি। প্রতিটি ম্যাচেই তাদের সামনে ধরাশায়ী হয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ইতোমধ্যে উইকেট সংগ্রহকারী হিসেবে দুই অংকের ঘরে পৌঁছে গেছেন দলের তিন বোলার রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

তবে এমসিজিতে নক আউট পর্বের ম্যাচে বাংলাদেশের মত দলের মোকাবেলার আগে ভালই চাপের মধ্যে রয়েছে ভারত। যদিও চাপের মধ্যে থেকেই সফলতা অর্জনে সক্ষম বর্তমান চ্যাম্পিয়নরা। অধিনায়ক ধোনি বলেন, ‘নিজেদের মাটিতে অনুষ্ঠিত গত বিশ্বকাপ আসরেও আমরা একই রকম চাপের মধ্যেই ছিলাম। আমরা যে কোন দলের বিপক্ষে যে কোন টুর্ণামেন্টই খেলিনা কেন, চাপ থাকবেই।’

ম্যাচটি দেখার জন্য এমসিজিতে ৮০ থেকে ৯০ হাজারেরও বেশি দর্শক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে ভারত ও বাংলাদেশ এই দুই প্রতিবেশী দেশের দর্শকদের আধিক্য বেশি থাকবে, যাদের প্রধান লক্ষ্য থাকবে নিজ নিজ দলকে সমর্থন দিয়ে উজ্জীবিত রাখা।

বাংলাদেশ দল (সম্ভাব্য): মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম।

ভারত দল (সম্ভাব্য): মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও স্টুয়ার্ট বিনি।

জেডআই