বিপিএলের তৃতীয় আসরের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকায় অন্যান্যদের সঙ্গে রয়েছেন ফিক্সিং কেলেঙ্কারিতে শাস্তিপ্রাপ্ত পেস বোলার মোহাম্মদ আমিরও।

এমনটাই খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় নিউজপোর্টাল ‘এপিনিক’। তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিডিক্রিকেটটিম ডটকম। তাদের কাছে মোহাম্মদ আমিরের নাম তালিকায় রাখার বিষয়টি স্বীকার করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজনও।

এ বিষয়ে সুজন বলেন, পাকিস্তানের বেশকিছু খেলোয়াড়ের নাম আমরা তালিকাভূক্ত করেছি। তার মধ্যে সেও (আমির) আছে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে তার উপর যেহেতু আইসিসির কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, তাই আমরা তাকেও রেখেছি তালিকায়। সে ইতিমধ্যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলতে শুরু করেছে। সুতরাং বিপিএলে খেলতে তার কোনো সমস্যা নেই।

২০১০ সালে লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তরুণ পেসার মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ইতিমধ্যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন। কায়েদে আজম ট্রফির বাছাইপর্বে চারদিনের তিনটি ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন।

নিষেধাজ্ঞার আগে আমির ছিলেন ঐ সময়ের সেরা আন্তর্জাতিক বোলার। যিনি টেস্টে নিয়েছিলেন ৫১ উইকেট, ওয়ানডেতে ২৫ আর টি-টোয়েন্টিতে ২৩ উইকেট।তথ্যসূত্র : এপিনিক, পাকিস্তান হেডলাইনস ও বিডিক্রিকেটটিম.কম।

কেএইচ