'বিশ্বের অন্যান্য দেশে ক্রীড়া ব্যক্তিত্বরাই ক্রীড়াঙ্গনে দায়িত্ব পালন করেন। কিন্তু বাংলাদেশে ক্রীড়াঙ্গন রাজনীতিবিদদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে'-এমন মন্তব্য করেছেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেভ দ্য স্পোর্টস কর্তৃক আয়োজিত ‘ক্রীড়াঙ্গণ-দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতির কথা উল্লেখ করে হাফিজউদ্দিন বলেন, 'ফুটবল লিগে এখন ৯০ শতাংশ ম্যাচই পাতানো। পৃথিবীর বিভিন্ন দেশে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে সেসব দেশের ফেডারেশন দোষীদেরকে আজীবনের জন্য খেলা থেকে নিষিদ্ধ করে। কিন্তু আমাদের দেশে পুরস্কৃত করা হয়।'
দেশের রাজনীতিতে দুর্নীতি কালো ছায়া খেলার উপরে পড়েছে বলে মন্তব্য করে তিনি আরো বলেছেন, বাংলাদেশে যেসব রাজনীতিবিদরা অন্য কোথায় পদ পান না, তাদেরকে বিভিন্ন ফেডারেশনে দায়িত্ব দেয়া হয়।
খেলায় স্বজনপ্রীতি ও দলীয়করণের কথা উল্লেখ করে হাফিজউদ্দিন আরো জানান, ১৯৬৭ সালে পাকিস্তান জাতীয় দলে একমাত্র বাঙ্গালি খেলোয়াড় হিসেবে আমি খেলতাম। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ৪০ সদস্যের দলেও আমাকে রাখা হয়নি।
ক্লাবের নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই তারকা ফুটবলার ও সেনা কর্মকর্তা। তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশে শহরের নামে ক্লাবের নাম হয়। কিন্তু বাংলাদেশে দেখি শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল।
উশু এসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল হক ভুঁইয়া বলেন, ফুটবলে 'বি' ক্যাটাগরির খেলোয়াড়দেরকে 'এ' ক্যাটাগরিতে নিয়ে আসলে কিছুটা হলেও মানায়। কিন্তু ফুটবলের খেলোয়াড়কে যদি ক্রিকেটের ব্যাট হাতে নামায়, সেটা একেবারেই মেনে নেয়া যায় না। কিন্তু আমাদের দেশে এমনটাই ঘটেছে। রাজনীতি না করার কারণ তাকে সভাপতির পদে না বসিয়ে ফুটবলার ও বর্তমানের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে উশুর সভাপতি করা হয়েছিল বলে জানান তিনি।
সেমিনারে বক্তারা এর প্রতিকার চেয়ে সত্যিকারের ক্রীড়ামনষ্ক ও ক্রীড়াবিদদের কাছে সব দায়িত্ব হস্তান্তরের দাবি জানান। সেই সঙ্গে দুর্নীতবাজদের সরিয়ে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও সেভ দ্য স্পোর্টসের আহ্বায়ক জাকারিয়া পিন্টুর সভাপতিত্বের সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তৃতা রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ মনজুর হাসান মিন্টু, সাবেক ফুটবলার ও জাতীয় কোচ গোলাপ সারোয়ার টিপু, জহিরুল হক, প্রতাপ শংকর হাজরা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, সেভ দ্য স্পোর্টসের সদস্য সচিব দিলদার হাসান দিলুসহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠকবৃন্দ।
ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি) //জেডআই