নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। বুধবার এই ম্যাচে বাদার্সকে ২-১ গোলে হারিয়েছে বিজেএমসি।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে মাত্র ৮ জয়ে ৩০ পয়েন্ট অর্জন করল বিজেএমসি। লিগ টেবিলে তাদের অবস্থান সাত নম্বরে। এদিকে শেষ ম্যাচে হারলেও ১০ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাদার্স।

শেষ ম্যাচে শুরুতেই লিড নেয় বিজেএমসি। খেলার ৯ মিনিটে ব্রাদার্সের জালে বল জড়িয়ে দেন স্যামসাং ইলিয়াসু। কিন্তু খেলার ২৯ মিনিটে গোলটি শোধ করে দেন ব্রাদার্সের শফিকুল ইসলাম।

তবে বিরতির আগেই ফের এগিয়ে যায় বিজেএমসি। ৩৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ইসমাইল বাঙ্গুরা। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বৃহস্পতিবার লিগে শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে শিরোপাজয়ী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। বেলা ২টায় শুরু হবে এই দুই দলের লড়াই। একই দিনে বিকাল ৪টায় ফেনী সকার ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই