চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লীগে আর্সেনালকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লুইস এনরিকের দল।

স্প্যানিশ জায়ান্টদের পক্ষে দুটি গোলই করেছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। আর এই জয় নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা নিজেদের অপরাজিত থাকার রেকর্ড নিয়ে গেল ৩৩ ম্যাচে।

মঙ্গলবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭১ মিনিটে মেসি-নেইমার-সুয়ারেজের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় বার্সা।

মাঝ মাঠ থেকে বল পেয়ে নেইমারকে বাড়ান সুয়ারেজ। বক্সের কাছে এসে নেইমার আবার বল দেন মেসিকে। আর্সেনাল গোলরক্ষক পিওতর চেককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। চেকের বিপক্ষে এই প্রথম গোল করলেন মেসি।

এরপর ৮৩ মিনিটে বক্সের ভেতর মেসিকে ফাউল করে বসেন আর্সেনালের ফ্লামিনি। পেনাল্টি পেয়ে যায় বার্সা। পেনাল্টি থেকে মেসি নিজেই দলের ব্যবধান দ্বিগুণ করেন।

শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ওএফ