লা লিগায় চলতি মৌসুমে পঞ্চমবারের মতো হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ কার্লো আনচেলোত্তি।

গত ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে গোল করে রিয়ালের হয়ে ৩০০তম গোলে মাইল ফলক স্পর্শ করেন রোনালদো। কিন্তু সেই উদযাপনটি ঠিক মতো করতে পারেননি ফিফা ব্যালন ডি’অর জয়ী এই তারকা। কারণ এই ম্যাচেই হলুদ কার্ড দেখেছেন তিনি। তাই পরের ম্যাচে ক্লাবের হয়ে মাঠ নামতে পারবেন না তিনি।

রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলার ৫১ মিনিটে সীমানায় ফাউলের শিকার হন রোনালদো। কিন্তু ডাইভ দেয়ার অপরাধে রোনালদোকেই হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি। ফলে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই পর্তুগীজ তারকা।

লিগের নিয়মনুযায়ী কোন খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হন। সেই মোতাবেক আগামী শনিবার এইবারের বিপক্ষে খেলতে পারবেন না রোনালদো।

এ বিষয় রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, ‘রোনলদোকে কারণ ছাড়াই হলুদ কার্ড দেখিয়েছে রেফারি। এটা অবিশ্বাস্য। তার এই হলুদ কার্ডের বিপক্ষে আমরা আপিল করবো।’

ম্যাচটিতে ৬৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয়ার পাশাপাশি নিজেও স্পর্শ করেন অনন্য এক মাইলফলক। রিয়ালের জার্সি গায়ে ২৮৮তম ম্যাচেই ছুঁয়ে ফেলেন ৩০০তম গোলের মাইলফলক।

জেডআই