পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে পরাস্ত করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। তবে পাক বোলারদের কাছে ঠিকই হার মানল অসি ব্যাটসম্যানরা। এতে সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের। রোববার টেস্টের পঞ্চম তথা শেষ দিনে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২১ রানে হেরেছে ক্লার্করা।

টেস্টের চতুর্থ দিনে ৪৩৭ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু জবাবে ২১৬ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার। ফলে ২২১ রানে জয় পায় মিজবাহ উল হকের দল।

শেষ দিনে ৫৯ রান নিয়ে খেলা শুরু করে অসিরা। কিন্তু কেউই দলকে আশার আলো দেখাতে পারেনি। ২৩ রান নিয়ে মাঠে নামা রজার্স ৪৩ রান সাজঘরে ফিরে যান। এরপর উইকেট পতনের ধারায় কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দলের পক্ষে মিশেল জনসনের ৬১ ও স্টিভেন স্মিথের ৫৪ রানই উল্লেখযোগ্য।

ব্যাটিংয়ে ধুকতে থাকা ক্যাঙ্গারুদেরকে বেশি কাবু করেছে জুলফিকার বাবর ও ইয়াসির শাহ। দ্বিতীয় ইনিংসে বাবর নিয়েছেন পাঁচটি উইকেট। আর ইয়াসির নিয়েছেন চারটি। বাকি উইকেটটি শিকার করেছেন ইমরান খান।

সংক্ষিপ্ত স্কোর:

টস: পাকিস্তান

প্রথম ইনিংস পাকিস্তান: ৪৫৪/১০, ইউনিস খান ১০৬, সরফরাজ আহমেদ ১০৯, আসাদ শফিক ৮৯, মিশেল জনসন ৩৯/৩

প্রথম ইনিংস অস্ট্রেলিয়া: ৩০৩/১০, ডেভিড ওয়ার্নার ১৩৩, ক্রিস রোজার্স ৩৮, ইয়াসির শাহ ৬৬/৩

দ্বিতীয় ইনিংস পাকিস্তান: ২৮৬/২ (ডি.), আহমেদ শেহজাদ ১৩৩, ইউনিস খান ১০৩*, স্টিভ ও কিফি ১১২/২

দ্বিতীয় ইনিংস অস্ট্রেলিয়া: ২১৬/১০, মিশেল জনসন ৬১, স্টিভেন স্মিথ ৫৫, জুলফিকার বাবর ৭৪/৫, ইয়াসির শাহ ৫০/৪

ফলাফল: পাকিস্তান ২২১ রানে জয়ী।

ম্যাচসেরা: ইউনিস খান।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

জেডআই