দুবাই টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড থেকে ১২২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান। বৃহস্পতিবার চতুর্থ দিন হাতে ৪ উইকেট নিয়ে ব্যাট করতে নামবে পাকিস্তান।

বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে পাকিস্তান। তবে তৃতীয় দিনে তেমন ভালো ব্যাটিং করতে পারেনি পাকরা।

প্রথমে ব্যাটিং করে টম লাথামের সেঞ্চুরিতে ৪০৩ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে সরফরাজ আহমেদ ২৮ এবং ইয়াসির শাহ ১ রান নিয়ে অপরাজিত আছেন।

তৃতীয় দিনের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা ইউনুস খান এবং আজহার আলী অবশ্য দলকে বড় রানের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই জুটি ভাঙ্গার পরই ঘটে বিপত্তি। তৃতীয় উইকেট জুটিতে ইউনুস-আজহার মিলে ১১৩ রানের জুটি গড়ার পর দলীয় ১৪৫ রানের মাথায় আউট হয়ে যান ইউনুস খান (৭২)।

এর পরপরই ফেরেন আর এক সেট ব্যাটসম্যান আজহার আরী (৭৫)। এই দুইজন ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে মিসবাহ উল হকের দল।

এমএ