বিশ্বকাপের আগে একের পর এক ক্রিকেটার ইনজুরির শিকার হচ্ছেন। সেই তালিকায় এবার যোগ হলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ধামিকা প্রসাদ। শনিবার অনুশীলনে বাম হাতে আঘাত পাওয়ায় ধামিকার বিশ্বকাপ মিশন শেষ হয় গেছে। বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ম্যাচের মাত্র দুইদিন আগে ধামিকার এই ইনজুরি শ্রীলংকা শিবিরে দুঃশ্চিন্তা বয়ে এসেছে।

শ্রীলংকা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনে বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ ধরতে গিয়ে বাম হাতে আঘাত পেয়েছে ধামিকা। পরবর্তীতে এক্সরে’তে তার হাড়ে চিড় ধরা পড়েছে। ইনজুরির মাত্রা নির্নয় করে চিকিৎসকরা জানিয়েছে বিষয়টি গুরুতর। এ কারণে বিশ্বকাপে আর তার খেলা হচ্ছে না।

চার বছর আগে সর্বশেষ বিশ্বকাপ আসরে রানার্স-আপ হওয়া শ্রীলংকা এবারো বরাবরের মতই শক্তিশালী বোলিং বিভাগ নিয়েই অস্ট্রেলিয়ায় এসেছিল। কিন্তু ইতোমধ্যেই লাসিত মালিঙ্গার ফিটনেস নিয়ে দু:শ্চিন্তায় থাকা লংকানদের জন্য নতুন করে ধামিকার এই ইনজুরি বড় দু:সংবাদ হয়েই এলো। ধামিকার স্থানে এখন লংকানদের নতুন খেলোয়াড়ের নাম দিতে হবে এবং এজন্য আইসিসির অনুমোদনের প্রয়োজন হবে। এই তালিকায় ১৫জনের স্কোয়াড থেকে বাদ পড়া শামিন্দা ইরাঙ্গাই অবশ্য এগিয়ে রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

জেডআই