পাকিস্তান দলকে হারানোর জন্য এটাই সেরা সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য এটা আমাদের সেরা সুযোগ। বিশ্বকাপে যে ধারাবাহিক ক্রিকেট আমরা খেলেছি, সেটি যদি ধরে রেখে খেলতে পারি, তাহলে এই সিরিজে ভাল ফল পাওয়া সম্ভব।’
আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপে দুই ম্যাচে স্লো-ওভারের দায় এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন না বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান।
সাকিবের নেতৃত্বেই টাইগাররা পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ দিনের জয় খরা কাটাতে চায়। সাকিবেরও আছে আত্মবিশ্বাস। তার আত্মবিশ্বাসের মূলে রয়েছে বিশ্বকাপ পারফরম্যান্স।
এদিকে বিসিবি একাদশের কাছেই প্রস্তুতি ম্যাচে হেরে গেছে পাকিস্তান। ফলে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে তাদের। এ বিষয় সাকিব বলেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা খুব ভালো করছে। যে কারণে বিশ্বকাপে তাদের নির্বাচন করা হয়েছিল সেটা তারা প্রমাণ করেছে। আমরা দল হিসেবে আত্মবিশ্বাসী।’
সফরকারীদের প্রসঙ্গে বাংলাদেশ অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তান অবশ্যই ভালো দল। তাদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমাদের জ্বলে উঠতে হবে।’
বিশ্বকাপের কন্ডিশনে খেলার পর ঘরের মাঠে নতুন করে নিজেদের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ আছে কী না প্রশ্ন করা হলে জবাবে সাকিব বলেন, ‘আমরা সব সময়ই এ মাঠে খেলি। বিশ্বকাপের জন্য দুই-তিন মাসের একটা গ্যাপ ছিল। এটা কোন সমস্যা নয়। উইকেট দেখেছি। দেখে মনে হলো স্পোর্টিং হবে।'
প্রথম একাদশ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখনো আমরা একাদশ ঠিক করিনি। কে খেলবে, কে খেলবে না সেটা পুরোপুরি ঠিক হয়নি। অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। কালকের ম্যাচ জেতার জন্য যেটা মনে হবে সেরা টিম, সেটিই নামবে।"
এদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘আমাদের দলে তরুণ কিছু ক্রিকেটার আছে। তারা খুবই মেধাবী। আশা করছি তারা ভালো করবে। তাছাড়া অধিনায়ক হিসেবে আগামীকাল আমার অভিষেক হচ্ছে। আমি খুবই উজ্জীবিত।’
ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে পাকিস্তান। এ প্রসঙ্গে আজহার বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তরুণ একটি দল। প্রস্তুতি ম্যাচে সবাইকে পরখ করে নেয়া গেছে।’
জেডআই





