কিছু দিন আগেই কিডনিতে অস্ত্রোপচার হয়েছিল পেলের। কিডনিতে পাথর ধরা পড়ার পর এই অস্ত্রোপচারের ধকল সামলাতে বিশ্রামেই ছিলেন ফুটবল-কিংবদন্তি। কিন্তু সোমবার তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, মূত্রাশয়ে সংক্রমণের কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রুটিন পরীক্ষার জন্যই এডসন আরান্তেস দো নাসিমেন্তোকে (পেলে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে।’

৭৪ বছর বয়সী এই ব্রাজিলীয় গ্রেটের শারীরিক অবস্থা বেশ কিছু দিন ধরেই ভালো যাচ্ছে না। ১৩ নভেম্বর তাঁর কিডনিতে অস্ত্রোপচার করা হয়। সূত্র: এএফপি।

কেএইচ