দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তাসমানিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ডাঙ্ক। অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগে তাসমানিয়ার হয়ে অপরাজিত ২২৯ রানের রেকর্ড গড়ার দুইদিন পরেই টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন ২৭ বছর বয়সী ডাঙ্ক।

গত মৌসুমে টোয়েন্টি-২০ বিগ ব্যাশ লীগেও অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ডাঙ্ক। আগামী ৫ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের এই টি-২০ সিরিজ চলাকালে অস্ট্রেলিয়ার এক নম্বর উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবেন।

রোববার ক্লাব ক্রিকেটে সাফল্য দেখানো অল রাউন্ডার শেষ ওয়াটসনও ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন। গোঁড়ালি এবং কাফ ইনজুরির কারনে সম্প্রতি জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত সফরে ছিলেন না ওয়াটসন।

এদিকে ৩৩ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি পেসার ডগ বলিনগারকে আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি সুযোগ দেয়া হয়েছে। কেন রিচার্ডসনের সাথে তিনি বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন। এছাড়া বিশ্বকাপের দলকে সামনে রেখে সুযোগ ঘটেছে ক্যামেরুন হোয়াইটের। পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে যদি টেস্ট দলে সুযোগ না ঘটে তবে অল রাউন্ডার জেমস ফকনারও হয়ত টি২০ দলে ফিরতে পারেন।

স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সিন এ্যাবোট, ডগ বলিনগার, ক্যামেরুন বয়েস, প্যাট্রিক কামিন্স, বেন কাটিং, বেন ডাঙ্ক, জেমস ফকনার, নিক ম্যাডিনসন, ন্যাথান রিয়ারডন, কেন রিচার্ডসন, শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট।

জেডআই