জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজ জয় করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছে আফ্রিকানরা।
টসে হেরে আগে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২১৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন তিনি।
মিডল অর্ডারের ব্যর্থতায় আর প্রোটিয়া পেসারদের তান্ডবে দুশো পেরুনো কষ্টকর হয়ে উঠে অসিদের জন্য। তবে, দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করে দলকে সম্মানজনক স্কোর করতে সাহায্য করেন জেমস ফকনার।
এছাড়া ২৭ রান করেন মিশেল মার্শ। আর শেষের দিকে ২৯ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ডেল স্টেইন। এছাড়া দুটি করে পান মরনে মরকেল ও ওয়াইন পারনেল।
২১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে দ. আফ্রিকার ওপেনার ডি কক আউট হলেও আরেক ওপেনার হাশিম আমলা করেন ৫১ রান।
তবে, ইনিংস সর্বোচ্চ রান আসে তিন নম্বরে নামা ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ক্যারিয়ারের চতুর্থ শতক থেকে চার রান দূরে থাকা এ ব্যাটসম্যান করেন ৯৬ রান। ৯৯ বলে ৯৬ রান করতে ডু প্লেসিস ৮টি চার আর ১টি ছক্কা হাঁকান। এছাড়া ডি ভিলিয়ার্স করেন অপরাজিত ৫৭ রান। ৪০.৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করে লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





