বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেসকে কলা ছুঁড়ে মারার অপরাধে লা লিগার দল ভিয়া রিয়ালকে ১২ হাজার ইউরো (১৭ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৭ এপ্রিল ভিয়া রিয়ালের মাঠ মাদরিগাল স্টেডিয়ামে সফর করে বার্সেলোনা। সেই ম্যাচে কর্নার নেবার সময় বার্সা ডিফেন্ডার আলভেসের দিকে গ্যালারি থেকে কলা ছুঁড়ে মারা হয়। পরে ওই দর্শককে চিহ্নিত করে তাকে স্টেডিয়ামে ঢোকার ব্যাপারে আজীবন নিষেধজ্ঞা জারি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
সেই ঘটনাকে কেন্দ্র করে স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ওই ক্লাবটিকে জরিমানা করে।
তবে মজার ব্যাপার হলো ছুঁড়ে মারা কলাটি তুলে আলভেস কামড় দেয় এবং পরে কর্ণার কিক নেয়। ম্যাচটিতে বার্সেলোনা দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
এর আগে গত ফেব্রুয়ারিতে সমর্থকদের আচরণ নিয়ে ক্লাবটিকে সতর্ক করা হয়েছিল।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই