ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৭) ও মুশফিক (০)।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশের তামিম ও ইমরুল। আগের ম্যাচে তামিমের ডাবল সেঞ্চুরি ও ইমরুলের ক্যারিয়ার সেরা ইনিংসে বেকায়দা পড়েছিল পাক বোলাররা।
ইনিংসের উদ্বোধনী ওভারের জুনায়েদ খানের চতুর্থ বলেই তামিমকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার পল রেইফেল। রিভিউ নিলে দেখা যায়, একেবারে সামান্যই লেগ স্টাম্পে লাগত বলটি। তবে জীবন ফিরে পায়নি তামিম।
নবম ওভারে আবার আঘাত হানেন জুনায়েদ। এবার মুমিনুল হককে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের ক্যাচে পরিণত করেন তিনি।
১৮তম ওভারে ৩২ রান করা ইমরুল কায়েসকে সরাসরি বোল্ড করে দেন পাকিস্তানের ইয়াসির শাহ।
২১তম ওভারে ওয়াহাব রিয়াজের চতুর্থ বলে সোজা আকাশের দিকে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহ। সেটা লুফে নিয়ে ২৮ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করে দেন আযহার আলী।
এর আগে আযহার আলীর ২২৬, ইউনিস খানে ১৪৮ ও আসাদ শফিকের ১০৭ রানের সুবাদে বড় স্কোর দাড় করায় পাকিস্তান।
বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম তিনটি, শুভাগত হোম ও মোহাম্মদ শহীদ দুটি করে ও সাকিব আল হাসান একটি উইকেট পান।
প্রথম টেস্টটি ড্র হওয়ায় এই ম্যাচটিতে জয়ী দলই সিরিজ জিতবে। আর এ ম্যাচটি ড্র হলে সিরিজটি ভাগাভাগি করে নিতে হবে।
জেডআই





