ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। সেই উত্তেজনাটি ছিল এশিয়া কাপের রোববারের ম্যাচটিতেও। আর এতে জয় নিয়ে ফাইনালের দিকে এগিয়ে গেছে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এক উইকেটে জয় পেয়েছে বর্তামন চ্যাম্পিয়নরা।
ভারতের দেয়া ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। এরপর বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে মোহাম্মদ হাফিজ ও মাকসুদের ব্যাটে ফের ঘুরে দাঁড়ায় দলটি।
৪৪ তম ওভারে হাফিজ আউট হওয়ার পর ৪৫ তম ওভারে মাঠ থেকে বিদায় নেন মাকসুদ। তখন জয়ের জন্য ৩০ বলে ৪৩ রান দরকার ছিল পাকিস্তানের। তবে উমর গুলকে সঙ্গে নিয়ে টর্নেডো ব্যাটিং শুরু করেন আফ্রিদি। ফলে ৪৮ ওভার শেষে ১২ বলে ১৩ রান প্রয়োজন ছিল দলটির। হাতে ছিল চার উইকেট।
কিন্তু নতুন নাটকের জন্ম দেয় ৪৯ ওভারটি। ভুবনেশ্বর কুমারের তৃতীয় বলে মাঠ থেকে বিদায় নেন উমর গুল। শেষ বলে আউট হন তালহা। এই ওভার থেকে আসে মাত্র তিন রান। ফলে ৬ বলে ১০ রান দরকার হয় তাদের।
এখানেই শেষ নয়। শেষ ওভারের প্রথম বলে অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সাঈদ আজমল (০)। নিশ্চিত জয়ের ম্যাচটিতে হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। তবে মাঠে টিকে ছিলেন বুম বুম আফ্রিদি। ক্রিজে এসে জুনায়েদ খান ১ রান নেয়ায় স্ট্রাইক পান সবচেয়ে দীর্ঘতম ছক্কার মালিক। তৃতীয় ও চতুর্থ বলে পর পর দুটি ছক্কা হাঁকিয়ে দলের স্কোর নিয়ে যান ২৪৯ রানে। সেই সঙ্গে দুই বল হাতে থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি।
শেষ পর্যন্ত ১৮ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। তার আগে ৭৫ রান করে আউট হয়েছেন মোহাম্মদ হাফিজ। ম্যাচসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি। এছাড়া আহমেদ শেহজাদের ৪২ রান ও শোয়েব মাকসুদের ৩৮ রান উল্লেখযোগ্য। ভারতের বোলার রবীচন্দ্র অশ্বিন সর্বোচ্চ তিনটি উইকেট পান।
এর আগে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টস জয়ী পাকিস্তানের অধিনায়ক মিজবাহ উল হক। বল হাতে শুরুটা ভালোই করেছিল পাকরা। তৃতীয় ওভারে মারমুখী ব্যাটসম্যান শেখর ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ হাফিজ। ফর্মে থাকা বিরাট কোহলিও বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি। মাত্র ৫ রান করেই উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন তিনি।
দলের রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার রোহিত শর্মা। তার ব্যাটে আশার আলো দেখে ভারত। তবে রোহিতকে মাঠ থেকে বিদায় করে দিয়ে দলকে স্বস্তি এনে দেন পাক বোলার মোহাম্মদ তালহা। মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়ার আগে ৫৮ বলে ৭টি চার ও দুটি ছক্কায় ৫৬ রান করেন তিনি।
রোহিতের পর রাইদুও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৮ রান করে তিনি আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত টিকে থেকে ৫২ রান করেন রবীন্দ্র জাদেজা। তার এই স্কোরের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ভারত।
পাকিস্তানের বোলার সাঈদ আজমল তিনটি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট পান মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ তালহা।
ঢাকা,২মার্চ(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের জয়
ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা ম্যাচ। সেই উত্তেজনাটি ছিল এশিয়া কাপের রোববারের ম্যাচটিতেও। আর এতে জয় নিয়ে ফাইনালের দিকে এগিয়ে গেছে পাকিস্তান।





