বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, ক্রিস্টিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ।
ম্যাচটিতে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে মাঠে নামেন রোমেরো। দ্বিতীয়ার্ধে গোল করে নেতৃত্বের অভিষেকটিও স্মরণীয় করে রাখেন তিনি।
শুরু থেকেই বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে গোলের খাতা খোলেন লাউতারো মার্টিনেজ। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজাকুয়েল প্যালাসিওসের রক্ষণচেরা পাস পেয়ে বলিভিয়ার গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত শটে জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন পাজ।
প্রথমার্ধের শেষদিকে আরও সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজের কঠিন কোণ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক।
বিরতির পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার। ৫৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন রোমেরো। নিকো পাজের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে গোল করেন তিনি।
এরপর একাধিক সুযোগ পেলেও চতুর্থ গোলের জন্য অপেক্ষা করতে হয় শেষ পাঁচ মিনিট পর্যন্ত। ৮৫ মিনিটে ফ্রাঙ্কো লোপেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
তবে এক মিনিট পরই সেই লোপেজ আর ভুল করেননি। ডি-বক্সে ঢুকে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার ৪-০ গোলের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে মাঠে নামা এই ফরোয়ার্ড।
পুরো ম্যাচে বলের দখল ছিল আর্জেন্টিনার ৬৯ শতাংশ। ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়া মাত্র তিনটি শট নিতে পেরেছে, যার কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। বলিভিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে সেই সিরিজের শুরু করল বিশ্বচ্যাম্পিয়নরা।
এস











