ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেনের শিরোপা জিতেছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস।

রবিবার (১৭ ডিসেম্বর) টি-টেন লিগের ফাইনালে তার দল কেরালা কিংস হারিয়েছে পাঞ্জাবি লিজেন্ডসকে।

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে লুক রনকির বিধ্বংসী ব্যাটিংয়ে ৩ উইকেটে ১২০ রান করে পাঞ্জাবি। তিনি ৫টি চার ও সমান সংখ্যক ছক্কার মারে ৩৪ বলে ৭০ রানের ইনিংস উপহার দেন। এমরিটের বলে শোয়েব মালিকের (২৬) ক্যাচ ধরে ৮৩ রানের এই শক্ত জুটি ভাঙেন সাকিব।

অবশ্য বাংলাদেশি অলরাউন্ডার ২ ওভার করে সবচেয়ে খরুচে ছিলেন, ৩১ রান দেন। কোনও উইকেট পাননি তিনি।

জবাবে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১২১ রান করে লক্ষ্যে পৌঁছায় কেরালা কিংস। এউইন মরগান ও পল স্টারলিংয়ের দানবীয় ব্যাটে সহজ জয় পায় কেরালা। রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারানো দলকে ১১৩ রান এনে দেয় তাদের জুটি। ২১ বলে ৫ চার ও ৬ ছয়ে ৬৩ রান করে মরগান আউট হন। ৩ চার ও ৫ ছয়ে ২৩ বলে ৫২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন স্টারলিং।