জ্যাসন রয় দারুণ ভাবে টেনে নিচ্ছিলেন ইংল্যান্ডকে। কিন্তু পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ।
বিপজ্জনক জ্যাসন রয়কে (৪১) তুলে নিয়েছেন সাকিব আল হাসান। পরের ওভারেই জনি বেয়ারস্টো (০) রান আউট হয়েছেন সাব্বির রহমানরে দারুণ থ্রোতে।
তার আগ শফিউল ইসলাম তুলে নেন ওপেনার জেমস ভিন্সকে (১৬)।
এই রিপোর্ট লেখার সময় ২৯ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান ইংল্যান্ডের। মিরপুরে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে তারা। ক্রিজে আছেন অভিষিক্ত বনে ডাকেট (৪২) ও বেন স্টোকস (৬৭)।
অ্যালেক্স হেলস, জো রুট ও এউইন মরগ্যান- এই তিন ব্যাটিং স্তম্ভকে ছাড়াই এসেছে ইংল্যান্ড। তাই বাংলাদেশের বোলারদের সামনে দারুণ সুযোগ এখন। প্রথম আঘাতটা নতুন বলের বোলার শফিউল হানেন। তার বলে ভিন্সের ক্যাচ নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪১ রানে পড়ে ইংল্যান্ডের প্রথম উইকেট।
পঞ্চম ওভারেই স্পিনার আনেন মাশরাফি। বাঁ হাতি সাকিবের পর আসেন মোসাদ্দেক হোসেন। এবং ৬১ থেকে ৬৩ রানে যেতেই দুই উইকেট নেই ইংল্যান্ডের। আগের ওভারে মোসাদ্দেককে ছক্কা মেরেছিলেন রয়।
পরের ওভারে সাকিবকেও উড়িয়ে মেরে লং অফে ধরা পড়েন সাব্বিরের হাতে। বড় উইকেট। ঠিক পরের ওভারেই মোসাদ্দেককে মিড অফে ঠেলে একটি রান নিতে গিয়ে শূণ্য হাতেই ফিরে যান বেয়ারস্টো।
বাংলাদেশের একাদশে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলা ইমরুল কায়েস। সৌম্য সরকার বাদ পড়েছেন। তামিম ইকবালের সাথে ওপেন করবেন তিনি। তিন পেসার ও দুই বাঁ হাতি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।
সাকিব আল হাসান ও মোশাররফ হোসেন দুই স্পিনার। মাশরাফি, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম তিন পেসার। আল-আমিন হোসেনের জায়গা হয়নি। ইংল্যান্ড দলে আজ অভিষেক হচ্ছে দুই ব্যাটসম্যান বেন ডাকেট ও জ্যাক বলের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।
ইংল্যান্ড দল: জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, জ্যাক বল।
এমবি





