সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেয়েই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার নেপালের কাঠমান্ডুতে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।
কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। তবে গোলের দেখা পায় খেলার ৪২ মিনিটে। ভুটানের রক্ষণভাগ ভেদ করে দলকে লিড এনে দেন রোহিত সরকার।
বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করতে পারে লাল-সবুজ পতাকাধারীরা। প্রথম গোলের দুই মিনিট পর দলের দ্বিতীয় গোলটি করেন মান্নাফা রাব্বী।
বিরতির পর বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ভুটানও কোনো গোল শোধ করতে পারেনি। ফলে সেমি-ফাইনালের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা।
'এ' গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে নেপালেরও সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে। কারণ আগের ম্যাচে ভুটানকে তারা ৩-১ গোলে হারিয়েছে। ফলে ভুটান গ্রুপের তলানিতে থাকায় বাদ পড়েছে।
আগামী সোমবার একই মাঠে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
জেডআই





