প্রথমার্ধের শেষ নয় মিনিটের ব্যবধানে তিন গোলে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গানাররা।
শনিবার এমিরেটাস স্টেডিয়ামে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় আর্সেনাল। শেষ মিনিটে আরো এক গোল পায় তারা। বিপরীতে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করা লিভারপুলের পেনাল্টি গোলটিই একমাত্র সান্ত্বনা।
খেলার ৩৭ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন হেক্টর বেলেরিন। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিসুৎ ওজিল। এর পাঁচ মিনিটের মাথায় প্রথম গোলে অবদান রাখা অ্যারোন রামসের সহায়তায় গোল করেন অ্যালেক্সিস সানচেজ।
বিরতির পর গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। বিপরীতে খেলার ৭৬ মিনিটে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। সেখান থেকে গোল করে ব্যবধান কমান জর্ডান হেন্ডেরসান।
তবে খেলার ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন সফরকারী দলের এমরি কান। ফলে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করতে হয় রেডদের।
খেলার শেষ মুহুর্তে ৯০+১ মিনিটে আর্সেনালের এক হালি গোল পূর্ণ করেন ওলিভার গিরোড। এই গোলে অবদান রাখেন সানচেজ।
এই জয়ের পর ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমান ৩০ ম্যাচে ৬১ ও ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তাদের পরের স্থানে আছে লিভারপুল।
জেডআই





