বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময় ৩০৭ রান সংগ্রহ করেছে ভারত।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন।

তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরাতে থাকেন উদ্বোধনী জুটির আরেক ব্যাটসম্যান শিখর ধাওয়ান। কোহলি ৪৬ রান করে আউট হলেও ব্যাট চালিয়ে যান ধাওয়ান। দেখতে দেখতে করে ফেলেন সেঞ্চুরি।

পারনেলের বলে আমলার হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৭ রান করেছেন তিনি। ১৪৬ বলে ১৬টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

ধাওনের সঙ্গে তাল মিলিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন আজিঙ্কায় রাহানে। ৬০ বলে ৭টি চার ও তিনটি ছক্কায় ৭৯ রান করে স্টেইনের বলে এলবিডব্লিউ'র ফাদেঁ পড়েন।

শেষ দিকে বেশ দ্রুতই কয়েকটি উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্রিকার বোলার মর্নে মরকেল সর্বোচ্চ দুটি উইকেট পান। একটি করে উইকেট পান পারনেল, স্টেইন ও ইমরান তাহির।

জেডআই